আজাদ বাবু:
যৌন নিপীড়নের শিকার হওয়া মাগুরার শিশুটির শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শিশুটির চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড কাজ শুরু করেছে। বৃহস্পতিবার ঢাকায় আনার পর শুক্রবার রাত থেকে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে।
ওদিকে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, শিশুটিকে নিপীড়নের ঘটনার সাথে যারা জড়িত বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাদের চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার বিকালে শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় শিশুটির ভগ্নিপতি, ভগ্নিপতির ভাই, তার বাবা ও মা- চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।হাসপাতালে শিশুটির কাছে থাকা তার একজন মামা বেলা এগারটা নাগাদ তিনি বলেছেন, শিশুটি এখনো আগের মতোই অচেতন অবস্থাতেই রয়েছে।
শিশুটিকে নিপীড়নের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবারই সড়ক অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আগামীকাল রোববার আবার বিক্ষোভের ডাক দেয়া হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।প্রসঙ্গত, সম্প্রতি নারী ও শিশুদের নিয়ে হেনস্থা ও নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার মধ্যেই মাগুরার এই শিশুটির নিপীড়নের ঘটনা ঘটলো।