নিজস্ব প্রতিবেদক :
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাররা ভোট দিতে গিয়ে বাধাগ্রস্ত হলে তাদের প্রতিবাদ করতে হবে। ভোটাররা যদি প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে ভোটাধিকার প্রয়োগটা অনেক বেশি সহজ হবে।
শুক্রবার (২০ মে) সাভার উপজেলা চত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে মনস্তাত্ত্বিক শক্তি অর্জন করতে হবে। আমি মনে করি আজকে যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, যারা ইয়ং তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সৎ এবং অনেক বেশি সাহসী। ভোটাধিকার প্রয়োগে এমন ভোটারদের আরও দায়িত্ববান হতে হবে।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে। আমরা শীঘ্রই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে আহবান করবো আলোচনার জন্য। ইভিএমের সক্ষমতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আরও কি পরিমান সক্ষমতা দরকার এ নিয়ে আমরা সভা করবো। তার পর ইভিএম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মহূর্তে একাই কিছু বলা যাচ্ছে না।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের সংস্কৃতি কেমনভাবে যেন গড়ে উঠেছে। নির্বাচনের সময় আমাদের সহিংসতা করতে হয়। অনেক ক্ষেত্রে এই জিনিসটা সত্যিই বেদনাহত করে। এই চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পৃথিবীর কোন দেশে ভোটাধিকার প্রয়োগে সহিংসতা হয় না। লাইন ধরে দাঁড়িয়ে থেকে সবাই গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের সময় আমাদের প্রেশার নিতে হয়। আমাদের সতর্ক থাকতে হয়। নির্বাচন কমিশন এককভাবে কখনই নির্বাচন সফল করতে পারবে না। যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন, প্রশাসনের জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। আইনে বলে দেওয়া আছে আমাদের কমান্ড থাকবে তাদের ওপর। তার পরেও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা তিন বছর আগে যাদের ১৬ বছর হয়েছিল তাদেরকে তালিকাভুক্ত করে রেখেছি। যাতে করে তাদের ১৮ বছর হলে তারা আমাদের তথ্যভান্ডারে এসে অটোমেটিক্যালি ভোটার হতে পারেন। তারা ভোটার হতে পারবেন। অর্থাৎ চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনের সামর্থ আছে হয়তো আরও সামর্থের প্রয়োজন হবে। আপনারা জানেন অটো মেশিনের কারনে আজ ভোটার তালিকা সংরক্ষণ করা অনেক সহজ হয়েছে। আমরা আগের চেয়ে সঠিকভাবে ভোটার তালিকা সংরক্ষণ করতে পারি। আমরা সাধারণ জনগণের পাশাপাশি আজ হিজরা, বেদে সম্প্রদায় ও যৌন কর্মীদেরকেও ভোটার তালিকায় এনেছি। যা আগে কখনও হয় নি।
তিনি বলেন, আমরা নতুন একটি কমিশন। আমাদের কিন্তু আন্তরিক প্রত্যাশা একটি অংশগ্রহণমুলক। আমরা অন্তরের অন্তস্থল থেকে বিশ্বাস করি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক। একই সাথে ভোটের মাধ্যমে একটা দায়িত্বশীল পার্লামেন্ট গঠিত হোক। পার্লামেন্টে তর্কবিতর্কের মাধ্যমে জনগণের অধিকারও সংরক্ষিত হোক। ধীরে আমরা একটি উন্নত রাষ্ট্র ও উন্নত গণতন্ত্রের দিকে ধাবিত হই এটা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে সরকারী নির্বাচন কমিশন ও পুলিশের উর্ধতন কর্মকর্তা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।