নিজস্ব প্রতিবেদক :
ভারত থেকে তৃতীয়বারের মতো ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসেছে।
শনিবার সকাল থেকে এ ট্রেনের কন্টেইনার থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লরির কন্টেইনারে খালাস করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।
আগের রাত সোয়া ১টায় ইন্দ্রো বাংলা ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে এ রেলস্টেশনে আসে।
তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান ‘লিনডে বাংলাদেশ’ তরল অক্সিজেন বোঝাই লরি সড়ক পথে তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাচ্ছে। সেখানে প্রক্রিয়াজাত করে এ অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
লিনডে বাংলাদেশ তিন দফায় রেলপথে ভারত থেকে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল। এর আগে ২৫ ও ২৮ জুলাই একই পথে দুই দফায় ২০০ মেট্রিক টন করে অক্সিজেন দেশে আনা হয়।