নিজস্ব প্রতিবেদক :
আগাম বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। কালবৈশাখিসহ আগামি মে-জুন মাসের বন্যা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ঈদ উল ফিতর উপলক্ষে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে রাহমাহ্ ইন্টারন্যাশনাল সোসাইটি কুয়েত-বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজি সাপোর্ট বাংলাদেশের আয়োজনে ৭ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাধারনত কালবৈশাখিকে আমরা বেশি ভয় পাইনা। কারন এটা বৈশাখ মাসে হয়। এই ঝড়ে মানুষের ঘরবাড়ি ক্ষতি হয়। এ ক্ষতির থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত পরিমান টিন ও গৃহ নির্মান বাবদ নগদ অর্থের ব্যবস্থা রয়েছে।
যেখানেই ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের খবর পাই সেখানেই আমরা টিন ও অর্থ বরাদ্ধ দিয়ে থাকি। এছাড়া মে মাসে সাধারণ ঘুর্নিঝড় হয়ে থাকে। মে-জুন মাসে আগাম বন্যা হয়ে থাকে, সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, সারাদেশে সব মিলিয়ে ৯ লক্ষাধিক গৃহহীনদের তালিকা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তাদের ঘর হস্তান্তর করা হবে। এতো গৃহহীনদের ঘর দেওয়ার এমন দৃষ্টান্ত সারা বিশ্বেও নেই বলে এসময় মন্তব্য করেন তিনি।
ত্রাণ বিতরণে সোসাইটি ফর সোসাল অ্যান্ড টেকনোলজি সাপোর্টের কান্ট্রি ডিরেক্টর ডঃ সাঈদ সাবরী, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও ড. আনোয়ারুল কাদের নাজিম, সোসাইটি ফর সোসাল অ্যান্ড টেকনোলজি সাপোর্টের প্রজেক্ট ডিরেক্টর জাফর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।