আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরী ছাত্রলীগ – ডাক্তার এনাম

নিজস্ব প্রতিবেদক :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) বিকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আলোচক মঞ্জুরুল আলম রাজীব এই অনুষ্ঠান আয়োজনের জন্য সাভার উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাসব্যাপী এই জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬-তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে সাভারের বিভিন্ন এলাকায় আমার সাথে আপনাদের দেখা হয়, সেখানে আলোচনা করি। আমাদের অভিভাবক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপিকেও সবগুলো অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছি। কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি সবগুলো অনুষ্ঠানে অংশ নিতে পারেন নাই। তাই আজ আমরা তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো।

এসময় মঞ্জুরুল আলম রাজীব ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে এই সংগঠনটি তৈরী হয়েছিলো। প্রতিষ্ঠার পর থেকেই এই ছাত্র সংগঠন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পর্যায়ক্রমিক বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর দেয়া ৬ দফা দাবীর সাথে তারাও ১১ দফা দাবী দিয়েছিলো। এই ১১ দফা ৬ দফারই ‘প্যারালাল’ একটি দাবী ছিলো, যার লক্ষ্য ছিলো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর সাথে সকল আন্দোলন ও সংগ্রামে শরীক হয়েছে। তারা ১৯৪৮ সালে মোঃ আলি জিন্নাহ’র উর্দুকে পাকিস্থানের একমাত্র রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণার বিরোধিতা করেছে, ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠনের সময় কাজ করেছে, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা ঘোষণার দাবীতে নিজেদের প্রাণ দিয়েছে। বঙ্গবন্ধুকে যতবারই পাকিস্থানী শাসকেরা গ্রেফতার করেছে, এই ছাত্রলীগই আন্দোলন করে তাকে জেল থেকে বের করে এনেছে। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিচার চলাকালে এই ছাত্রলীগ এদেশের কৃষক, শ্রমিক সহ আপামর সাধারণ মানুষদের নিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ সহ সাভার উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ