আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়ি স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলায় এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাসেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে নানুপুর বাজারে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নানুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোরশেদুল আলম, বাবর আলী, ফারুক রায়হান, কামাল পাশা বাদল, রাসেদ কামাল স্মৃতি সংসদের সভাপতি সগীর উদ্দীন আরিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এনামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, রাসেদ কামালকে কারা হত্যা করেছে তা এখন আয়নার মত পরিষ্কার। হত্যাকারীরা যে দিবাস্বপ্ন দেখেছিল তা কখনো সফল হবে না। তারা ইতোমধ্যে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এরইমধ্যে রাসেদ কামাল হত্যাকাণ্ডে জড়িত ৭-৮জনকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার এজাহারভুক্ত ও মূল আসামীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ