ফটিকছড়ি প্রতিনিধি,চট্টগ্রাম :
ফটিকছড়ি কোভিড হাসপাতালের জন্য একটি এম্বুলেন্স প্রদান করেছে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন। আজ(শুক্রবার) বিকালে এ এম্বুলেন্সটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।
এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ জুয়েল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, ডা. জয়নাল আবেদীন মুহুরী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন সহ প্রমুখ।
এই এম্বুলেন্সের চালকের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় খরচ ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বহন করবেন বলে জানান মুখপাত্র আহমেদ এরশাদ খোকন।
এর আগে স্থানীয় সাংবাদিকগণ কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এছাড়া,আজও (শুক্রবার) উপজেলার বিভিন্ন অঞ্চলের নানা পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের নিকট হাসপাতালের জন্য সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন।