নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দিতে ছবিঘর আয়োজন করেছে “হেলথওয়াইজ: এডুকেশন ফর লাইফ” শীর্ষক এক স্বাস্থ্য শিক্ষা কর্মশালা। কর্মশালাটি অনুষ্ঠিত হয় রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ তারিখে সাভারের ব্যাংক টাউন বস্তিতে, যেখানে সুবিধাবঞ্চিত বাসিন্দাদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক নানা আলোচনা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ছবিঘরের দুই স্বাস্থ্যশিক্ষক প্রিন্স ঘোষ (এমবিবিএস গ্রাজুয়েট) এবং রোজানা বিনতে রেজা রিয়া (এমবিবিএস গ্রাজুয়েট)। তারা মানসিক স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্বাস্থ্যশিক্ষক রোজানা বিনতে রেজা রিয়া বলেন, “আমরা শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাজ করছি, যাতে পরিবারগুলো আরও সচেতন ও উদ্যোগী হয়।”
অন্যদিকে স্বাস্থ্যশিক্ষক প্রিন্স ঘোষ বলেন, “মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য, এবং আমাদের সকলেরই এ বিষয়ে আরও সংবেদনশীল হওয়া উচিত।”
কর্মশালায় উপস্থিত ছিলেন ছবিঘরের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এমন উদ্যোগ আমাদের মতো মানুষের জন্য অনেক উপকারী। আমরা চাই ছবিঘর এ ধরনের কর্মসূচি আরও আয়োজন করুক।”
কর্মসূচির শেষে উপস্থিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়, যা শিক্ষা, সচেতনতা ও মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।