আজ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ ইং

প্রতিবন্ধী আর অসহায়ের যেন আজ ঈদের দিন

সাভার প্রতিনিধি :

সাভারের হেমায়েতপুরে ১ মিনিটের ঈদ বাজারে ভীড় জমেছে ক্রেতার। তবে এসব ক্রেতা সাধারন ক্রেতা নয়। ক্রেতারা সবাই প্রতিবন্ধী নয়তো অসহায়। ঈদ সামগ্রী পেয়ে ঈদের খুশির জোয়ার বইছে তাদের মাঝে। আজই যেন তাদের ঈদের দিন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে এক মিনিটের ঈদ বাজারে কয়েক হাজার প্রতিবন্ধী ও অসহায়রা ঈদ উপহার পেয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছরই ঈদে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করে থাকে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। এই বাজার থেকে সেমাই, চিনি, কাপড়, ছোটদের পোশাক,

জুতা ছাড়াও পাঞ্জাবি, লুঙ্গিসহ বিভিন্ন নিত্য পণ্য পেয়ে থাকেন অসহায় ও প্রতিবন্ধীরা। এই বাজারে ১ মিনিটে ঈদ উপহারসহ বাজার নিয়েছে বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা শেখ ফাতিমা আলী।

তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বাবার সামনেই আমাকে পাকিস্তানি হানাদার বাহিনী আমার ওপর নির্যাতন করেন। সম্ভ্রম হারিয়ে যুদ্ধের পরেও আমি গ্রামে ফিরতে পারি নি। আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ি করে দিয়েছিলেন। কিন্তু সেই বাড়িটি বিএনপি সরকারের সময় ভেঙ্গে দেওয়া হয়েছে।

এর পর থেকে আমি সাভারের যাদুরচরে এসে বসবাস শুরু করি। আমার স্বামী প্যারালাইসড হয়ে পড়ে আছে। ছেলে নাই, একমাত্র স্বামী পরিত্যাক্তা মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করি।

পরবর্তী সময়ে আমাকে তেঁতুলঝোরা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর আমাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়েছেন। সবসময় আমার খোঁজখবর রাখছেন। আজ আমাকে ডেকে ১ মিনিটের ঈদ বাজার দিয়েছেন। এমন সম্মান পেয়ে আমি গর্বিত। আজ মনে হচ্ছে যুদ্ধে অংশ নেওয়া আমার সার্থক হয়েছে।

প্রতিবন্ধী মোহাম্মদ হোসেন বলেন, আমরা তো প্রতিবন্ধী, আমরা তো ঈদের আমেজ তেমন বুঝিও না। আমরা একদিকে প্রতিবন্ধী অন্য দিকে গরিব। আমি অনেক ঈদ পার করেছি জামাকাপড় ছাড়া।

আজ ঈদের আগেই আমি নতুন জামাকাপড় পেয়েছি। ঈদের বাজার পেয়েছি। আমার মনে হচ্ছে আজই যেন ঈদ। আমি আজই ঈদের আমেজ পাচ্ছি। তেঁতুলঝোরা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর প্রতিবারই এভাবে আমাদের পাশে দাঁড়ান। আমি গত দুই ঈদেও পেয়েছি। আল্লাহ্ তার মঙ্গল করুন।

অপর প্রতিবন্ধী নারী আমিরন বলেন, অনেকেই বড় ধনসম্পদশালী, অনেক টাকাওয়ালা, কিন্তু তাদের দেওয়ার মন নেই। সে দিক থেকে আমাদের চেয়ারম্যান আমাদের বাবার মত আদর ও দায়িত্ব পালন করছেন। এমন মানুষ আগে আর দেখি নি। আমি ঈদের কাপড়, আমার নাতনীর জামা, জুতা, মুরগী, সেমাই, চাল, ডাল, তেল, লবনসহ অনেক কিছু নিয়েছি। এখানে নামে ১ মিনিটের বাজার। আমি তো প্রায় আধাঘন্টা দেখে নিজের হাতে সব কিছু নিয়েছি। এমন সন্তান যেন প্রতিটি মায়ের ঘরে জন্ম নেয়।

এব্যাপারে ১ মিনিটের বাজারের সহকারি পরিচালক সাইদুল ইসলাম বলেন, আমরা ওযাসিল উদ্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজন করেছি। প্রতিবছরই আমরা এই আয়োজন করে থাকি। প্রায় ৪/৫ হাজার অসহায় ব্যক্তি এখানে বাজার নিতে পারবেন। সবকিছুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আসলে এমন মহতি কাজের সঙ্গী হওয়া ভাগ্যের ব্যাপার। এসব মানুষ উপহার পেয়ে যে হাসি দেয় তার অনুভুতি এধরনের কাজ যারা করেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহযোগীতায় ও তেঁতুলঝোরা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমরের তত্বাবধানে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এধরনের উদ্যোগ নিয়ে থাকে। এই দুই চেয়ারম্যানের বাবার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

এব্যাপারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর বলেন, আমার ইউনিয়ন বাসী তথা দেশের কোন মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এই লক্ষে ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করেছি। আমার ইউনিয়ন ছাড়াও যে কোন স্থান থেকে অসহায় ব্যক্তিরা ঈদের শপিং ও ঈদের সকল পণ্য এখান থেকে নিতে পারবেন। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আগামীতেও এধরনের মানবিক কাজ করতে পারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ