নিজস্ব প্রতিবেদক :
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতন, শ্লীলতাহানি, মারধর ও অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণের ধারায় এই মামলা দায়ের করা হয়। এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রূপনগর থানার দুই উপ-পরিদর্শক পরীমনির করা অভিযোগ সাভার থানায় নিয়ে আসলে এই মামলা রুজু করা হয়।
বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম।
তিনি জানান, পরীমনির অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন ধারা ৯ এর ৪ খ, পেনাল কোড ৩০,
৩২৩, ৫০৯, ৫১১ ধারায় নাসির উদ্দিনকে প্রধান আসামি করে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই মামলার এজাহারভুক্ত দুই আসামিসজ ৫ জনকে উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারের পর তাদের রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এদের মধ্যে মামলার প্রধান আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আইন বিশ্লেষক মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আইনত এই অপরাধ প্রমানিত হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)খ অনুযায়ী কোন ব্যক্তি নারী ও শিশু ধর্ষণের চেষ্টা করলে তিনি সর্বোচ্চ দশ বছর ও সর্বনিম্ন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডীত হবেন। একই সাথে এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডীত হতে পারেন। এছাড়া ধারা ৫১১ এর অভিযোগ প্রমানিত হলে সাজার বিধান রয়েছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড।
এর আগে গত ৯ জুন (বুধবার) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ঢাকা বোর্ড ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। বিভিন্ন জায়গায় বিচার চেয়ে প্রতিকার না পেয়ে রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন পরীমনি। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
জনপ্রিয় এই নায়িকাকে নাসির উদ্দিন নামে একজন ব্যক্তি নেশাজাতীয় কিছু খাইয়ে ধর্ষণের চেষ্টা করেছিলেন।’