এহসানুল মাহবুব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
বিগত দিনে মেম্বার, চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও মেলেনি সমস্যার সমাধান। সেনাবাহিনীর কাছে ন্যায় বিচার পাওয়া যাবে এমন বিশ্বাস নিয়েই প্রতিনিয়ত দেওয়ানগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পে এসে ভিড় করছে শতশত মানুষ।
সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য ১২ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, সাথে জমা দিয়েছে মূল সার্টিফিকেট।এক বছর পেরিয়ে গেলেও এখনো চাকরি মেলেনি।টাকা ও সার্টিফিকেট ফেরত দিচ্ছে না ঘুষ গ্রহীতা শফিকুল ইসলাম। টাকা ও সার্টিফিকেট ফেরত পেতে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পে এসেছেন আশরাফুল ইসলামের মা শিমু আক্তার। অভিযোগকারী পার্শ্ববর্তী থানা ইসলামপুরের ধর্মকুড়া গ্রামের বাসিন্দা। শিমু আক্তার জানান শফিকুল নাকি বিভিন্ন সেনা ক্যাম্পে স্পোর্টস ম্যান হিসেবে কাজ করে।সে নাকি অনেক জনকে চাকরি নিয়ে দিয়েছে সে কথার ভিত্তিতে ছেলে আশরাফুলের চাকরির জন্য টাকা দিয়েছিলাম।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ২ মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পায়। সে সুবাদে দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনালে ক্যাম্প করেছেন সেনাবাহিনী। এখান থেকে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ ও ইসলামপুর তিন থানার দায়িত্ব পালন করছেন তারা।
ক্যাম্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পের গেটে তিন থানার মানুষের উপচে পড়া ভিড় শুধু ন্যায় বিচার পাওয়ার আশায়। কেউ জমি, কেউ টাকা পয়সা ও কেউ পারিবারিক কলহ সমাধানের জন্য এসেছেন।অভিযোগ শুনছেন সেনা সদস্যরা, কিছু অভিযোগ খাতায় এন্ট্রি করছেন। তদন্ত সাপেক্ষে সমাধান করার জন্য। আবার অনেককেই জেলা পর্যায়ে অভিযোগ করার পরামর্শ দিচ্ছেন।
এ সময় কিছু অভিযোগকারী সাথে আলাপ হয়,দেওয়ানগঞ্জের কৈবর্ত্য পাড়া এলাকার নূর মোহাম্মদ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ নিয়ে এসেছেন। মাহফুজুর রহমান ও তার বোন নাশিদ আহমেদ অভিযোগ করছেন তাদের দোকান বেদখল করেছেন একটি পক্ষ। বকশীগঞ্জ থেকে আসা মোহাম্মদ আলীর অভিযোগ তার পার্শ্ববর্তী জমির মালিক তার জমি বিক্রি করতে দেয় না। আবার অনেকে এসেছেন পারিবারিক কলহ সমাধানের জন্য। এরকম অভিযোগ নিয়ে তিন উপজেলার শত শত মানুষ ক্যাম্পের সামনে এসে ভিড় জমিয়েছে। অভিযোগকারীদের ভাষ্যমতে ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময়ে সেনাবাহিনী অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান করেছে। মানুষ ন্যায় বিচার পেয়েছে, সেই আশায় এসেছি আমরা। যাতে আমাদের সমস্যার সমাধান হয় দ্রুত।
অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যাপারে ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার দৈনিক দিনকালকে বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছি, তবে সাধারণ মানুষের অভিযোগগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।