আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় তলিয়ে গেছে রুপনকৃত ধানের জমি কৃষকের মাথায় হাত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় পানি নিষ্কাশনের খাল ভরাট করে দখল করায় জলাবদ্ধতা দীর্ঘায়িত হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। আপৎকালীন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

নওগাঁর সদর উপজেলার নলগাড়া বিলে দুই সপ্তাহ আগে রোপণ করা হয় ধানের চারা। ভালোভাবে চারাগুলো বেড়ে উঠলেও চলতি সপ্তাহের দুই দিনের বৃষ্টিতে বিলে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

কৃষকদের অভিযোগ, বিলের মাঝে সরকারি খাল থাকলেও খালসংলগ্ন জমির মালিকরা ভরাট করে দখল করে রেখেছেন। এতে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় ক্ষতির মুখে হাজার হাজার বিঘা জমির ধান।

কৃষকরা অভিযোগ করেন, নলগড়া বিলের সঙ্গে দীঘল বিলের সংযোগ ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনব্যবস্থা অসম্ভব হয়ে পড়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এ ছাড়াও শিগগিরই বিলের পানি নিষ্কাশন না করলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছেন৷

এ ব্যাপারে নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, কিছু প্রভাবশালী মানুষ পার্শ্ববর্তী জমি দখল করে নিজেদের মতো করে ধান চাষ করছেন। খাল দখল করে ধান চাষ করায় আসল ফসলি জমিগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে।

নওগাঁর বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার কামাল চঞ্চল বলেন, ‘সরকারি ম্যাপ অনুযায়ী যদি খাল সংস্কার করা হয়, তাহলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস।’

এদিকে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন।
নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃমির্জা ইমাম উদ্দিন জানান, আগামী অর্থবছর নতুন করে খাল খননের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তবে আপাতত যে পানি জমে আছে, জনপ্রতিনিধিদের সহায়তায় তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কৃষি বিভাগের তথ্যমতে, বিলটিতে ২০টি গ্রামের অন্তত সাড়ে ৪ হাজার কৃষক চাষাবাদ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ