নিজস্ব প্রতিবেদক :
ধামরাই পৌর এলাকার অপরাধ প্রবণতা নির্মূলে এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়ায় ৩ যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। এঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ধামরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা দীদার হোসেন ও তার গ্রুপ এই হামলা চালিয়েছে।
বুধবার (২৩ডিসেম্বর) ৯ জনকে অভিযুক্ত করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সুমন (৩৫) নামে একজনকে আটক করে পুলিশ।
আহতরা হলেন, ইব্রাহীম ওরফে সুমন মোল্লা (৩২), মমিনুল ইসলাম টিটু (২৮), সোহেল (৩৫)। তারা সবাই ধামরাই পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাই পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় অপরাধ প্রবনতা নির্মূলে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন “দক্ষিণ পাড়া সমাজ কল্যাণ সমিতি। তবে সেই উদ্যোগের বিরোধিতা করে অভিযুক্তরা বিভিন্ন সময় ভুক্তভোগীদের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো। পরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা ভুক্তভোগীদেরকে দক্ষিণপাড়া থানা রোড স’মিলের সামনে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলাকারীরা রামদা দিয়া মমিনুল ইসলাম টিটুকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবরে স্বজোরে কোপ দেয়। এতে তার কপালে জখম হয়ে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে ইব্রাহীম ওরফে সুমন মোল্লাকে মাথায় আঘাত করলে সেও জখম হয়। পরে আসামীরা লোহার রড ও বাশের লাঠি দিয়ে সোহেলকে বেদম মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।
এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের আইফোন, নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করতে আসলে এ ঘটনায় থানায় মামলা করলে বা কেউ সাক্ষী দিলে তাকেও মারধর করার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।
এ বিষয়ে আহত সুমন মোল্লার বাবা মোঃ সোবহান মোল্লা বলেন, আমার ছেলে ও তার বন্ধুরা একটা সামাজিক কাজ করছিলো। তবে এলাকার কিছু লোকজন তাদের এই উদ্যোগ ভালোভাবে নেয়নি। তারাই ওদেরকে মারধর করেছে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে আমার ছেলেসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই মিমাংসা করার জন্য। কিন্তু ঘটনাস্থলে পৌছানো মাত্রই দিদারের লোকেরা আমার উপরেও অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে অভিযুক্ত দিদার হোসেনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে ফোন করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের কেও আটকের চেষ্টা চলছে।