নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় ২ লাখ শ্রমিকের সংকট রয়েছে। বাংলাদেশ আজ বুঝেছে শ্রমিকের প্রয়োজনিয়তা।
শুক্রবার ( ২০ মে) আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে শ্রমিক সংকট কিন্তু দেখা দিয়েছে। দেশে প্রায় দুই লক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে। আপনারা যারা শিল্প কারখানায় কাজ করছেন, তারা বেকারদের কাজের জন্য আহবান করেন। আপনারা জানেন যে শিল্প গুলোতে কর্মের পরিবেশ ভাল, মজুরি ভাল।
একারনে তারা যেন বেকার না থাকেন। এর ফলে একদিকে বেকার সমস্যা দুর হবে অন্যদিকে শ্রমিক সংকটও দূর হবে। একাজটা করতে পারলে আমাদের শিল্পের বিকাশ হবে। শ্রমিক সংকটের কারনে শিল্পের কিন্তু বিকাশ হবে না। আমরা এক জায়গায় থেমে যাবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর শ্রমিকদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বলে আজ শ্রমিকরা ভাল আছেন। প্রধানমন্ত্রী সব সময় শ্রমিকদের কথা ভাবেন।
শ্রমিকদের নিয়ে আলোচনা করেন। প্রতিটা শ্রমিকের অধিকার আদায়ে তিনি দাবি করেন। তিনি শ্রমিকদের জন্য কাজ করেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ ও শ্রমিক করোনা সংকটের মধ্যেও খেয়ে পড়ে বেঁচে আছেন। প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান সচল আছে।
১ লাখা ৩৫ হাজার কোটি টাকা ১১১ টি প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল করোনা সংকটের সময়। প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তের কারনে সম্পূর্ণ শিল্প প্রতিষ্ঠান সচল ছিল। শ্রমিকদের কথা ভেবেই এসব প্রণোদনা দেওয়া হয়েছে।
এনামুর রহমান বলেন, দেশের প্রায় ১৪ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশের প্রায় ৭২ শতাংশ মানুষকে টিকা দিয়ে দেশের করোনা নির্মূল করা হয়েছে। আজ আমরা মাস্ক ছাড়া সমাবেশ করতে পারছি।
আমাদের দেশে এখন করোনায় মৃত্যু নেই। পৃথিবীর উন্নত দেশে হাজার হাজার সংক্রমণ হচ্ছে। শত শত মানুষ মারা যাচ্ছে। সে তুলনায় আমাদের দেশ অনেক ভাল রয়েছে।
আমাদের আরও ২৩ কোটি টিকা মজুদ রয়েছে। যা আগামীতে আমরা কয়েকটি দেশে এই টিকা দিয়ে সহায়তা করবো। এই যে গৌরবের কাজ, এই কাজটিই করছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা আগামী মাসে পদ্মা সেতু উদ্বোধন করবো। গত মাসে আমরা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছি। গত মাসে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এখানে উৎপাদন শুরু হলে আমাদের আর সার আমদানি করা লাগবে না। আজ আমরা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। বিদ্যুতের কোন সংকট নেই, লোডশেডিং নাই। এসব উন্নয়ন বর্তমান প্রজন্ম দেখেছে। তারা নৌকা প্রতিক ছাড়া অন্য প্রতীকে ভোট দিবেন না বলে বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অংগঠনের নেতৃবৃন্দ।