আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাবি ডীন নির্বাচনে জিয়ার মনোনয়ন দৌড় নিয়ে সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

সর্বশেষ ১লা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহের ডীন পদে নির্বাচন নিয়ে মনোনয়ন নির্ধারণ করেছে নীল দল। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন পদের জন্য মনোনায়ন চেয়ে এগিয়ে আছেন একই সাথে দুই জন।

তবে, তাদের মধ্যে অপরাধবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমানের মনোনয়ন চাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পূর্ববর্তী সময়ে একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালনকালীন সময়ে অর্থ কেলেঙ্কারীসহ নানা অভিযোগে অভিযুক্ত এই শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগে দায়িত্বপালনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পায়। পাঁচ বছরের আর্থিক লেনদেন নিরীক্ষা করে দেখা গেছে, ৮৬ লাখ টাকার বেশি খরচের বিলভাউচার নেই।

বড় খরচের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট কমিটির অনুমোদন নেননি। বিভাগের সাবেক এই চেয়ারম্যান একক সিদ্ধান্তে খরচ করেছেন। নিয়মবহির্ভূতভাবে ১৭ লাখ টাকা সম্মানীও নিয়েছেন তিনি।

কেনাকাটায় ভ্যাট, করও দেননি। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত ছাড়াই তিনি সান্ধ্য কোর্সের পরিচালক হিসেবে মাসিক ২৫ হাজার টাকা এবং চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত ২৫ হাজার টাকা করে নিয়েছেন। নিয়মবহির্ভূতভাবে বিভাগের দুজন শিক্ষকের নামে ১ কোটি টাকার এফডিআর খোলা হয়েছে।

কোনো ক্রয়েরই ভ্যাট ও কর দেওয়া হয়নি। ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ভ্যাট বাবদ প্রায় ৮ লাখ ৩৮ হাজার ২৭৩ টাকা এবং কর বাবদ ২ লাখ ৫৫৯ টাকা। পরীক্ষাসংক্রান্ত ব্যয়ে শিক্ষকদের সম্মানী থেকে ১০ শতাংশ হারে আয়কর কাটা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।

ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে আয়কর বাবদ ১৩ লাখ ৬৫ হাজার টাকা। আপ্যায়ন ও আনুষঙ্গিক ১ লাখ ৫৬ হাজার টাকার সঠিক হিসাব পাওয়া যায়নি।

এছাড়াও তিনি রোহিঙ্গা প্রকল্পের নামে ১ লাখ টাকা, ওরিয়েন্টেশন প্রোগ্রামের নামে ৮ লাখ টাকা, বিভাগীয় শ্রেণি সংস্কারের নামে ৪২ লাখ টাকা, কম্পিউটার ল্যাব সংস্কারের নামে ১ লাখ ৮০ হাজার টাকা, প্রতিষ্ঠাবার্ষিকীর নামে সাড়ে ৫ লাখ টাকা, কনফারেন্সের অনুদান ৯ লাখ টাকা, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে ১০ লাখ টাকা, ভারত ও ভিয়েতনাম ভ্রমণে ১১ লাখ টাকা, কম্পিউটার ও অন্য মালামাল ক্রয়ে ১২ লাখ ৩১ হাজার টাকা ব্যয় করেছেন।

কিন্তু এসব খরচের হয় ভাউচার নেই, না হয় যথাযথ অনুমোদন ছিল না, অথবা কোনো কমিটির মাধ্যমে টাকা ব্যয় হয়নি। যে ভাউচারগুলো পাওয়া গেছে, তার ৯৫ শতাংশ স্বাক্ষরহীন, টাকা গ্রহণের রসিদ নেই। ছয়টি চেকে ৬ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে, খরচের ভাউচার নেই। এমনকি কোন খাতে ব্যয় হয়েছে, তাও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রভোস্ট থাকাকালীন সময়ে প্রভোস্টের নিয়মিত রুটিন ওয়ার্কের কাজেও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কাগজ ও আবেদনপত্রে স্বাক্ষর বাবদ অর্থ গ্রহণ করতেন।

যার সুনির্দিষ্ট একটি অভিযোগ প্রচারিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তার দায়িত্বকালীন সময়ে চার বছরে যার পরিমান ছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এছাড়া হল প্রভোষ্ট থাকা কালীন সময়ে হ্যান্ডেলিং চার্জ নামে এক অভিনব ফি আদায় করেও বিতর্কিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রাধ্যক্ষের বাংলো ঠিক করতেও হলের ফান্ড থেকে টাকা তুলেছেন।

যদিও এসব জানা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ নিয়ে তৎকালীন সময়ে মুখ খুলতে নারাজ ছিলেন ড. জিয়া রহমান। পর পর দুই মেয়াদে তিনি হলের প্রভোষ্ট থাকাকালীন সময়ে ২০১৫-১৬ এবং ১৬-১৭ সালে হ্যান্ডেলিং চার্জ বাবদ আদায় করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯৮০ টাকা। ১৬-১৭ এবং ১৭-১৮ সেশনে আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।

১৭-১৮ ও ১৮-১৯ সেশনে ৪০০ টাকার বদলে ফি বাড়িয়ে করা হয় ৬০০। সে হিসেবে আদায় হয় ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা। এই টাকার খরচের খাতে দেখা যায়, প্রতিবছরই আদায় করা টাকার অর্ধেকটা প্রভোস্ট নিজেই নিয়েছেন। অর্থাৎ তিনি প্রতি ছাত্রের কাগজে স্বাক্ষরের জন্য নিয়েছেন ৩০০ টাকা।

বাকি অর্ধেক প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারি ও ক্লিনারদের দেয়া হলেও, হাউজ টিউটর হিসেবে দায়িত্বে থাকা কোন শিক্ষক কানাকড়িও পাননি। শুধুমাত্র প্রথম বছরে মাত্র ১৫ শতাংশ হলের কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছিল। তবে এধরণের টাকা আর কোন হলে নেয়া হয় না বলে জানিয়েছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক।

এছাড়াও, হলের একটি উৎসবে ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষার্থীদের নিম্নমানের খাবার এবং টি-শার্ট না দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা সরাসরি তাকে বয়কট করে আন্দোলনে নামে এবং পদত্যাদের দাবি জানায়। হল সংসদ ও ছাত্রলীগের নেতারা সহ আবাসিক শিক্ষার্থীরা হল অফিসের সামনে সামনে টি-শার্ট স্তুপ করে প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন করে। যার একটি ভিডিও চিত্রও সংরক্ষিত রয়েছে।

তার বিরুদ্ধে হলে শূণ্য পদে ব্যক্তিগত গাড়িচালককে বিশেষ বদলী ডিউটি করানোরও অভিযোগ আছে। আবার প্রতিবছরই নানা অযুহাতে প্রভোস্ট বাংলো সারানোর নামে তিনি টাকা তুলতেন। ২০১৬ সালে এই বাবদ তুলেছেন ৪ লাখ ৪ হাজার ১৯০ টাকা। পরের বছর নিয়েছেন প্রায় ৩০ হাজার। ২০১৮ তে পুনরায় বাংলো সংস্কারের নামে প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা নিয়েছেন। তারপরের বছর নেন আরও প্রায় ১ লাখ ৩৯ হাজার।

সর্বশেষ তিনি বিতর্কিত হন তিনি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামক টকশোতে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয় ও জঘন্য ব্যাখ্যা করে। এর প্রেক্ষিতে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে দু’টি মামলা হয়। অতঃপর ডিজিটাল নিরাপত্তা আইনে চাঁদপুর আদালতে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ