নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি ঘোষণার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন আশুলিয়া থানা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার (০১ মার্চ) বিকেল ৫ টার দিকে নবীনগর-চন্দ্রা মহানড়কে এই বিক্ষোভ করে আশুলিয়া প্রেসক্লাবের সামনে পথসভা করেন তারা।
এর আগে গতকাল রাতে ২৫ জনের একটি থানা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির।
এসময় পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবি করে জিহাদ হাসান বলেন, ক্ষমতার বলে থানা কমিটির আংশিক ঘোষণা করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।
এই কমিটিতে ত্যাগী ছাত্র নেতাদের বঞ্চিত করে ছাত্রদল ও বিবাহিত ছাত্র নেতাদের স্থান দেওয়া হয়েছে।
তিনি বলেন, কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ইয়াছির আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তানভির হোসেন। মোট ২৫ জন সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ইয়াছির আরাফাতের এক ভাই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও আরেক ভাই ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা। তাকে বিগত ১২ বছরে রাজনীতির মাঠে দেখি নাই।
অর্থের বিনিময়ে কমিটি বানিজ্য করেছে মেয়াদোত্তীর্ণ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক মনির।
আমরা জানতে পেরেছি ৭০ লাখ টাকার বিনিময়ে এই কমিটির অনুমোদন দিয়েছেন তারা। তারা ইউনিয়ন কমিটিতে পর্যন্ত হস্তক্ষেপ করছেন। যা সংবিধান পরিপন্থী।
বিক্ষোভ থেকে একাধিক ছাত্রলীগ নেতা জানান, আশুলিয়া থানা ছাত্রলীগের যে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে সেখানে দুই একজন ব্যাতীত অন্য কেউ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিল না।
যারা দুঃসময়ে অনেক কষ্ট করেছে তারা আজ পদ বঞ্চিত। যথাযথ ছাত্রনেতার মুল্যায়ণ করা হয় নি। এখানে বিবাহিত ও ছাত্রদল নেতাদের স্থান দিয়ে ত্যাগী ছাত্রলীগ নেতাদের বঞ্চিত করা হয়েছে। আমরা নিজেরাই এই কমিটিতে স্থান পাওয়া সদস্যের ছেলের আকিকা খেয়েছি।
আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএ শামীম বলেন, আমি এর আগের মেয়াদের কমিটির সভাপতি ছিলাম। কারা ছাত্রলীগ করেছে আর কারা ছাত্রদল করেছে এসব আমি জানি।
এই কমিটিতে কারা ছাত্রদল নেতা ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোয়ার হোসেন টিটু, শামীম হোসেন জয়সহ আরও বিএনপির একনিষ্ঠ কর্মী এই কমিটিতে স্থান পেয়েছে। এছাড়া নাজমুল ইসলাম সুমন বিবাহিত ছাত্রলীগ নেতা। তারা কিভাবে এই কমিটিতে স্থান পায়? অথচ ত্যাগী ছাত্র লীগের নেতাকর্মীরা পদ বঞ্চিত হয়েছে।
আমি গত মেয়াদের থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম। বর্তমানে যাকে সভাপতি বানানো হয়েছে তাকে কোন দিন কোন মিটিং মিছিলে দেখি নি। আসলে সে উড়ে এসে জুড়ে বসেছে।
এই কমিটিতে বাচ্চা একটা ছেলেকে করা হয়েছে সভাপতি আর মাস্টার্স পাশ এক নেতাকে করা হয়েছে সাধারণ সম্পাদক। আসলে মেয়াদোত্তীর্ণ কমিটির কাছে এর চেয়ে আর কিবা আশা করা যায়।
নব্য পদধারী ছাত্র লীগ নেতা মনোয়ার হোসেন টিটু, শামীম হোসেন জয় ও নাজমুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকেই পাওয়া যায় নি।
এসময় আশুলিয়া ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।