জাবি প্রতিনিধি:
জেনারেল জিয়া পাকিস্তানের গুপ্তচর ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বঙ্গমাতার স্মরণে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই জেনারেল জিয়া ছিল পাকিস্তানের অনুচার। তার প্রমাণ হল- আমরা যখন বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ প্রচার করতাম তখন আমাদের উপর নির্যাতন করা হতো।
বঙ্গবন্ধুর ভাষণ বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ওরা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, ইউএনও অফিস জ্বালিয়ে দিয়েছে, তফসিল অফিস জ্বালিয়েছে, বাস পুড়িয়েছে।
এই স্বাধীনতা বিরোধী শক্তি সবসময়ই সজাগ থেকেছে। যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনাই তারা এদেশ অস্থিতিশীল করছে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে প্রবেশ করে পাকিস্তানিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলো। কিন্তু এদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে।
মির্জা ফখরুল ইসলাম বড় বড় কথা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়ে বিএনপি গঠন করা হয়েছিলো। তাদের মাধ্যমে নির্বাচনের আয়োজন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এই বিএনপি।
সেইদিন আত্মস্বীকৃতি খুনিদের জেনারেল জিয়া প্রতিষ্ঠিত করেছিল। বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। একদিকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না অন্যদিকে যারা জড়িত তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। আজকে স্পষ্টভাবে বলতে চাই বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জেনারেল জিয়া জড়িত।’
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, ‘যুদ্ধের সময় নিরপরাধ মানুষগুলোকে রাজাকার,পাকিস্তানিরা হত্যা করেছে।
জেনারেল জিয়াউর রহমান হচ্ছে একজন খুনী। ১৫ আগস্টে নিহতদের বিচার যাতে না হয় তার জন্য সংবিধান সংশোধন করে সংবিধানকে কলঙ্কিত করেছে তারা।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানটির সঞ্চচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।