নিজস্ব প্রতিবেদক :
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার সিএন্ডবি পয়েন্টে এক শিক্ষার্থী ছিনতাইকারী আঘাতে আহত হওয়ার প্রতিবাদে ও কয়েকটি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রধান গেটর সামনে আরিচাগামী লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের দাবি গুলো হল- ঢাকা-আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন, রাস্তায় বৈদ্যুতিক বাতি থাকা ও সিসিটিভি ক্যামেরা সংযোগ।
জখম হওয়া শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র শীল। তিনি দর্শন বিভাগের চতুর্থ পর্বের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
আহত শান্ত বলেন, আমি সন্ধ্যা ৬টার দিকে আমার বন্ধুসহ সাভার থেকে রিক্সাযোগে বিশ্ববিদ্যালয়ে আসতে ছিলাম।
এসময় বিশ্ববিদ্যালয়র মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় পৌছালে মুখ বাঁধা অবস্থায় তিনজন ব্যক্তি রিক্সা আটক করে আমার হাতে কোপ মারে।
পরে হাত উঁচু করলে শুধু আঙুল কেটে যায়। এসময় তারা হাতে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিতে আসি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি আরেকটি ঘটনায় সাভারে আছি। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে।
সহকারী প্রক্টর রনি হোসাইন বলেন, আমরা বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পুলিশের সাথে কথা বলে দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করছি।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আমি ঘটনা স্থলে এসেছি। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলছি বিষয়টি সমাধান করা জন্য। সড়ক যানচলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।