হাসান বিন ইউসুফ, চট্টগ্রাম :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৭ মিনিটে চসিকের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে আসেন।সকাল পৌনে ১০টায় চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি।এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে স্বাগত জানান। এরপর খতমে কোরআন, মিলাদ ও মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে সকাল ৮টায় বাসভবন থেকে বেরিয়ে কাট্টলী হজরত মঈনুদ্দিন শাহ (র.) মাজার জেয়ারত করেন সুজন। এরপর তিনি হজরত আমানত শাহের (র.) মাজার জেয়ারত করেন।
টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে সংস্থার বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন সুজন।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি হল চসিক আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়াসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
পৌনে এক কোটি মানুষের এ মহানগরীর দায়িত্ব নিলেন দীর্ঘ দিন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে লড়াইয়ে থাকা খোরশেদ আলম সুজন।বৈশ্বিক মহামারী করোনার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।