মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত পেইস প্রকল্পের “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সর্ব বৃহৎ হাব বগুড়া রেলওয়ে মার্কেটে কর্মরত শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ৯ম ও ১০ম ব্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শনিবার (২৫ নভেম্বর) ও রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫ঘটিকা পার্যন্ত রেলওয়ে মার্কেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে কর্মরত ১৫ জন করে ৩০ জন শ্রমিককে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রথম ধাপে টুলস্ পরিচিতি ও বেসিক নলেজ বিষয়ে আলোচনা এবং ২য় ধাপে ব্যবহারিক সেশন পরিচালনা করেন মোঃ ওমর ফারুক, ইন্সট্রাকটর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক কর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক (এসইপি) গাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ সম্রাট আলী, টেকনিক্যাল অফিসার হাসান সাদিক, মোঃ আব্দুল মাজেদ, স্বত্বাধিকারী, পারভীন ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে মার্কেট বগুড়া সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শ্রমিকবৃন্দ।
উল্লেখ্য যে কৃষি যান্ত্রিকীকরণ খাতে নিয়োজিত শ্রমিক কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা, শ্রমিকদের কর্ম পরিবেশ সুন্দর করা, সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, মহিলা শ্রমিকদের জন্য সুন্দর কর্ম পরিবেশ তৈরি করা, মডেল কারখানা স্থাপন, স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে বলে গাক’র পক্ষ হতে জানানো হয়।