নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে সহযোগীসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জল (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকর ব্যক্তিগত অফিস থেকে সহযোগী আলমগীরসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শেখ উজ্জ্বল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মোকছেদপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সহযোগী আলমগীর কবির ধামসোনা ইউপি ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখ উজ্জ্বল ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে ভাদাইলসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার হাত থেকে রক্ষা পায় নি রিকশাচালক, ময়লা নিষ্কাশন কর্মীসহ ফুটপাতের দোকানদাররা। এমনকি ওই এলাকায় বাড়ি নির্মান করতে হলেও তাকে চাঁদা দিয়ে বাড়ি নির্মান করতে হয় বলে জানা যায়।
অভিযোগ থেকে জানা যায়, কয়েক মাস ধরে ওই এলাকার ময়লা ব্যবসায়ী আকবর আলী কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল শেখ উজ্জ্বল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বিকেলে আকবর আলীকে নিজ কার্যালয়ে নিয়ে মারধর করে উজ্জ্বল ও তার লোকজন। এব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দিলে রাতেই ভাদাইল এলাকা থেকে উজ্জ্বল ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ব্যক্তিগত অপরাধজনিত কর্মকান্ডের দায়ভার সংগঠন কখনই নেবে না। সংগঠন বিরোধী কিংবা অপরাধজনীত কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার বলেন, চাঁদাবাজির অভিযোগে সহযোগীসহ তাকে ভাদাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা (নং ৬৫) দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।