আজ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে মহাসড়কে ময়লার ভাগাড়, দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের পাশেই গড়ে উঠেছে বর্জ্যের ময়লার পাহাড়। পলিথিন,পচা খাবার, গৃহস্থালি বর্জ্য আর প্লাস্টিকের স্তূপে ঢাকা পড়েছে মহাসড়কে পথচারীদের চলাচলের একপাশ। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব আর রোগের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা ও হাজারো পথচারী।

পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং জোন ও নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা না থাকায় এই মহাসড়কই এখন পরিণত হয়েছে উন্মুক্ত ময়লার ভাগাড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের প্রায় ১৫০ থেকে ২০০ ফুট এলাকাজুড়ে স্তূপ করে রাখা হয়েছে ময়লা। এই বর্জ্য ময়লা সড়কের পিচঢালা অংশের কিছুটা জায়গা দখল করে আছে পোকা মাকড় বর্জ্য বিষাক্ত পানি। এর পাশ দিয়েই ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লার বাস, ট্রাক ও অটোরিকশা এবং ব্যক্তিগত যানবাহন। ময়লার স্তূপ থেকে চুইয়ে পড়া নোংরা দুর্গন্ধ পানি সড়কে এসে জমছে। তীব্র দুর্গন্ধে নাকে রুমাল চেপে চলতে হচ্ছে প্রতিদিন ‌স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় মিলকারখানার শ্রমিকদের।

ময়লার স্তূপে কুকুর, কাক ও বিভিন্ন পাখির আনাগোনা দেখা গেছে। পাশের গাছগুলোতেও পলিথিন উড়ে আটকে আছে। স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা এনে এখানে ফেলা হয়।

স্থানীয় অটোরিকশা চালক জামাল হোসেন বলেন এই রাস্তা দিয়ে দিনে চারবার যাওয়া-আসা করি। গন্ধে মাথা ধরে যায়। যাত্রীরাও নাক-মুখ বন্ধ করে রাখে। বৃষ্টি হইলে অবস্থা আরও খারাপ হয়। ময়লা পানিতে স্লিপ করে কত গাড়ি দুর্ঘটনায় পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাককর্মী বলেন, ফ্যাক্টরিতে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। প্রতিদিন এই নোংরা বর্জ্য পানি পেরিয়ে যেতে হয় কর্মস্থলে।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার ইঞ্জিনিয়ার হরিপদরায় বলেন ময়লা নিয়ে আমরা মহা বিপদে আছি। প্রতিদিন এই বর্জ্য ময়লা আমরা এগুলো কোথায় নিব। আমাদের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় এই মহাসড়কের পাশই এখন ডাম্পিং স্পট হয়ে গেছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন বললেন, পৌরসভার যে সমস্যাটি খাড়া জোড়া রয়েছে এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি খুব শীঘ্রই আমরা স্থানীয় সরকারের মাধ্যমে ডাম্পিং ব্যবস্থা করব। পাশাপাশি পৌরসভার নিজস্ব অর্থায়নে কোনো ব্যবস্থা করা যায় কিনা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব শীঘ্রই এটা সমাধানে ব্যবস্থা করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ