আজ ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৬ ইং

লোহাগড়ায় ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন মসজিদের ইমাম, বিএনপি কর্মী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করেছেন ইতনা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদ্যবিদায়ী সভাপতি ও শিক্ষানুরাগী সরদার তানজীর হোসেন তনু।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ইতনা, লংকার চর, উত্তর পাংখার চর, ধলাইতলাসহ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব ঈদ উপহার পৌঁছে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ শিক্ষার্থীদের পরিবারকে খাদ্যসামগ্রীর পাশাপাশি খাতা ও কলম প্রদান করা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের সম্মাননা হিসেবে তাদের হাতেও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সরদার তানজীর হোসেন তনু জানান, এ কার্যক্রমের আওতায় ৬০টি শিক্ষার্থী পরিবার, ৭০টি বিএনপি পরিবার এবং ৮০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পাশাপাশি এলাকার মসজিদের ইমামদেরও সম্মাননা উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. এবিএম এনায়েত হোসেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত পিন্টু, ডা. ফারজানা মোরশেদ, ডা. মিনা হুমায়ুন কবির, ড. মিনা বুলবুল হোসেনসহ কয়েকজন সহৃদয় শিক্ষানুরাগী ব্যক্তি।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ইতনা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া পরিষদ নড়াইল জেলার সহ-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, অ্যাডহক কমিটির সাবেক সদস্য শ. ম. কামাল হোসেন রিন্টুসহ শিক্ষকবৃন্দ।

স্কুল ও কলেজের সাবেক সভাপতির উদ্যোগে জীবনে প্রথমবারের মতো ঈদ উপহার পেয়ে অনেক শিক্ষার্থীর পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সরদার তানজীর হোসেন তনু শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার পরিবেশও পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, “ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থী ও তাদের পরিবারের বাস্তব অবস্থা দেখেছি। অনেক কষ্ট লেগেছে। কুঁড়েঘরের মধ্যেও অনেক দরিদ্র শিক্ষার্থীর বড় স্বপ্ন লুকিয়ে আছে। সামান্য সহযোগিতা পেলেই তারা একদিন দেশের কৃতি সন্তান হতে পারে।” তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীদের পরিবার, বিএনপি নেতাকর্মী ও মসজিদের ইমামরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ