আজ ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ২৪০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভারের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে ২৪০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৪৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আঃ মুত্তালিব ও ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ব্যাংক কলোনী এলাকা থেকে সাইফুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪০ গ্রাম ওজনের ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ গ্রামের মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে তিনি কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন এবং সাইফুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ