আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় মোঃ ইমরান হোসেন নামের এক যুবকের ওপর একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এসময় হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতরভাবে জখম করে, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা লুট করে নেয়।
ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর (শনিবার) রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া মোল্লাপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরান হোসেনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী ইমরান হোসেন অভিযোগে জানান, তিনি ওই রাতে তার বাবার এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলযোগে সাভার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে মিলন মোল্লা, সুজন মোল্লা, আন্তার হোসেনসহ ৭–৮ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে চারদিক ঘিরে ফেলে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর ও কোপাতে থাকে। এতে ইমরান হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে তারা মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং তার পকেটে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।
ইমরান হোসেন জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে “সুযোগ পেলে খুন করে লাশ গুম করে ফেলবে” বলে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান দুই আসামি মিলন মোল্লা ও সুজন মোল্লা আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
আশুলিয়া থানার উপপরিদর্শক আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।