আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৬ ইং

প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিতে পারভেজ নামে  এক ব্যক্তি আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত  পুলিশ  সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার মো. রুবেল (৪০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সিয়াম (২১) ও নাটোরের সিংড়া উপজেলার মো. মিরাজ (২০)। এদের মধ্যে রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত  পুলিশ  সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার বাপ্পি (৩২), কামরুল (৩০), জাকির হোসেন (৩০), রুবেল (৩০) ও তৈয়বসহ (৩৫) অজ্ঞাতপরিচয়ে কয়েক জন ব্যক্তি মহড়া দেন। এ সময় তাদের একজনের ছোড়া গুলিতে পারভেজ নামের ওই  ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে পারভেজের ভাই ফরহাদ হোসেন আশুলিয়া থানায় একটি মামলা করেন।
এসময় পুলিশ সুপার আরো বলেন, ঘটনার পরপরই দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তাদের আমরা আসামিদের থেকে এঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে এবং কাদের শেল্টারে এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানতে পারবো বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ