আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মধ্যে জজকোর্টের সুপারিনটেনডেন্ট এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
এনামুল হক সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন বাকপ্রতিবন্ধী রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিকটতম আত্মীয়দের দাবি, সকাল সাতটার দিকে এনামুল হক বাসা থেকে বের হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা এনামুলের লাশ উদ্ধারের খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে তারা মরদেহ শনাক্ত করেন। তাদের ধারণা, এনামুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।