আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

বেগম জিয়ার বাড়ির সামনে ত্যাগী নেতা হিরনের সমর্থনে ইসলাম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র গৌরিপুর উপজেলা আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী তায়েবুর রহমান হিরনের সমর্থনে ব্যানার হাতে অবস্থান নেন পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক মো. ইসলাম উদ্দীন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বসভবনের সামনে তিনি এ অবস্থান কর্মসূচি করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলাম উদ্দীন দাবি করেন, গৌরিপুর উপজেলার আংশিক মনোনয়ন প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের “হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।” তিনি বলেন,
“আজ আমি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে উপস্থিত হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—গৌরিপুরের জনগণ এই মনোনয়ন রিভিউ চায়।”

মনোনয়ন রিভিউ চাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, বর্তমান যে ব্যক্তি প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন তিনি গত ১৭ বছরে কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না এবং তার রাজনৈতিক পটভূমি নেই। ইসলাম উদ্দীন বলেন, “তিনি একজন ব্যবসায়ী। প্রয়োজনে তাকে কেন্দ্রীয়ভাবে সম্মানিত করা যাক, কিন্তু গৌরিপুরের মাঠের রাজনীতিতে তায়েবুর রহমান হিরণই জনগণের নেতা।”

তিনি আরও দাবি করেন, তায়েবুর রহমান হিরণ গত আন্দোলন–সংগ্রামে সক্রিয় ছিলেন এবং হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দল ছাড়েননি।
“গৌরিপুরের দশটি ইউনিয়নের মানুষ আজ ব্যথিত। রিকশাচালক, ভ্যানচালক, কৃষক, কর্মজীবী—সবাইয়ের প্রিয় নেতা হিরণ,”—বলেন তিনি।

ইসলাম উদ্দীনের দাবি, হিরণ পূর্বে ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তার ছোট ভাই রিয়াদ তিনবারের চেয়ারম্যান। পুরো পরিবার বিএনপির রাজনীতিতে যুক্ত। তার ভাষায়, “গৌরিপুরে হিরণ ৮০ শতাংশের বেশি ভোট পাবেন।”

তিনি বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানান গৌরিপুরের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ