আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

কালিয়াকৈরে পোল্ট্রি খামার ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে আরফিন নামে এক খামার ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আরফিন হোসেন কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার আফসার উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আরফিন মঙ্গলবার সকালে জমি কেনার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়ে তার নিজ বাসা টালাবহ থেকে উপজেলার লতিফপুর দলিল লেখক সমিতির মতিয়ার রহমানের অফিসে আসেন। পরে জমির দলিল সম্পূর্ণ না হওয়ায় আরফিন হোসেন, তার বড় ভাই আবির ও বোনের জামাতা আমিনুল ইসলাম মোটরসাইকেলে তিনজন টাকা নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কালিয়াকৈর যাওয়ার পথে লতিফপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে পিছন থেকে সাদা রঙ্গের একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় তাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা করে।আরফিন হোসেন একজন পোল্ট্রি খামারী ব্যবসায়ী। পরে আরফিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ