আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

জাকসুর সহ-সমাজসেবা সম্পাদকের বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা–র বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তাসনীম রহমান দোলন, ফার্মেসি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী ও ‘পথের প্রাণ’ সংগঠনের একজন স্বেচ্ছাসেবী, অভিযোগ করেছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে জাকসু ও হল সংসদের প্রাণীকল্যাণে কর্মহীনতা নিয়ে সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর তাকে ফোন করে হুমকি দেওয়া হয়।

‘ভবিষ্যতে এমন পোস্ট দেওয়ার আগে চিন্তা করতে বলেছেন’

দোলন বলেন,
“আমি সম্প্রতি আমার ফেসবুক প্রোফাইল থেকে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের দুটি গ্রুপে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, জাকসু ও হল সংসদ প্রাণীকল্যাণে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে ক্যাম্পাসের প্রাণীরা বারবার ঝুঁকির মুখে পড়ছে।”

তিনি বলেন, ওই পোস্টের পর তার বিভাগের সিনিয়র ও জাকসুর সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা তাকে ফোন করেন।

শুরুতে তিনি স্বাভাবিকভাবে কথা বললেও কিছুক্ষণ পর রূঢ়ভাবে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, “আমি যেন ‘প্রাণীকল্যাণ আইন ২০১৯’ পড়ে আসি; জাকসু ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে বসে নেই।“

“তিনি আরও বলেন, আমি মানবাধিকার লঙ্ঘন করছি; এখন যদি পাঁচটি হল সংসদ মিলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে, সেক্ষেত্রে জাকসু তাদের সমর্থন করবে।

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নির্বাচিত কেউ নই; তাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছে শিক্ষার্থীদের জন্য, প্রাণীদের জন্য নয়। পরিশেষে তিনি আমাকে বলেন, ভবিষ্যতে এমন পোস্ট দেওয়ার আগে চিন্তাভাবনা করতে।”

দোলনের দাবি, এ ঘটনার পর তিনি মানসিক চাপে পড়েছেন। “এটি হুমকিমূলক ও অগ্রহণযোগ্য,” বলেন তিনি। “একজন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে এমন আচরণ দুঃখজনক ও নিরুৎসাহজনক।”

এ বিষয়ে জানতে চাইলে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, “সহ-সমাজসেবা সম্পাদকের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি। যদি তিনি আসলেই এমন কিছু বলে থাকেন, তা সম্পূর্ণ অযৌক্তিক ও এখতিয়ারবহির্ভূত। জাকসুর পক্ষ থেকে তাকে কখনোই এ ধরনের বক্তব্য দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসে প্রাণী সংরক্ষণ বিষয়ক বিভিন্ন সংগঠনের সঙ্গে জাকসুর প্রতিনিধিরা পূর্বেও বৈঠক করেছেন এবং সংগঠনগুলোকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।”

অভিযোগের বিষয়ে নিগার সুলতানা, ফার্মেসি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ও জাকসুর সহ-সমাজসেবা সম্পাদক (নারী) বলেন, “দোলন আমার বিভাগের জুনিয়র। আমি তাকে কোনো হুমকি দিইনি। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে তথ্য যাচাই করতে বলেছি।”

তিনি আরও বলেন, “যারা বিভিন্ন হল সংসদে আছেন তারা যদি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তখন আমাদের কিছু করার থাকবে না।”

ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলার বিষয়ে জাকসু অবগত কিনা জানতে চাইলে নিগার বলেন, “জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা আমাকে বলেছেন, ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ