আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধুতমা গ্রামের লোকজন শুক্রবার দুপুরে লক্ষীপুর গ্রামের পাশে বৌলাই নদীর পাড় থেকে বালু উত্তোলন করতে গেলে লক্ষীপুর গ্রামের মানুষ তাদের বাঁধা দেয়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ নদীর পাশে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের ৬ জন আহত হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।